Monday, December 15, 2014

~: নিদ্রা :~



অতঃপর বৈশম্পায়ন জনমেজয়কে কহিলেন - হে রাজন এ জগতে নিদ্রাই হচ্ছে সেই একমাত্র নিষ্কাম সাধনা যা মানুষকে তার নিবৃত্তি মার্গের শেষ বিন্দুতে পৌঁছে দিতে পারে। জগতের প্রথম পুরুষ শ্রী বিষ্ণুকেই দেখ - যোগনিদ্রায় শায়িত - নিদ্রা আসলে ধ্যান বা যোগেরই প্রকার বিশেষ।
মানুষ নিদ্রার দ্বারা জয় করে নিজেকে - নিজের বিচিত্র বাসনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে - এবং তাই ইহা নিষ্কাম সাধনা !
এই যে এত সাধু, যোগী, সিদ্ধ পুরুষদের হিমালয় বা পাহাড়ে সাধনা করতে যেতে দেখেন - আসলে তাঁদের ঘুম ভীষণ পাতলা হয় - সামান্য আওয়াজেই তাঁদের ঘুম ভেঙ্গে যায় - তাই শান্তিতে নিশ্চিন্তে ঘুমাবার জন্যে তাঁরা নির্জন পাহাড় বেছে নেন।
কাউকে কাঁচা ঘুম থেকে ওঠানো ঘোর পাপ - তার ফলে নিদ্রিতের যেমন ক্ষতি হয় - ঠিক তেমনই সেই পাপী যে তাঁর সাধের ঘুম নষ্ট করে তারও সর্বনাশ হয়। আপনি দেখুন রাবণ এবং কুম্ভকর্ণকেই - বেচারা কুম্ভকর্ণকে যদি ঘুমন্ত অবস্থায় অন্যত্র কোথাও রেখে আসত - তাহলে কিছু দিনের জন্যে লঙ্কা ছাড়া হলেও - সোনার লঙ্কা আবার পুনরুদ্ধার করতে পারতেন রাবণ।  কিন্তু তা নয় - কুম্ভকর্ণ তো মরলই সাথে রাবনের নিজেরও সর্বনাশ হল।
অনেক অর্বাচীন বলবেন - যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে - তাঁদের কথা গায়ে মাখবেন না - শুধু জিজ্ঞেস করবেন তারা জেগে জেগে কটা সাম্রাজ্য বানিয়েছেন ?
হে রাজন - এই মায়ার পৃথিবীতে ঘুমই সেই আদর্শ ক্রিয়া - যা আমাদের ষড় রিপুর হাত থেকে রক্ষা করতে পারে - কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য - এসবের কোনো কিছুই ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করতে পারেনা।
ঈশ্বর সবাইকে নিশ্চিন্ত ঘুম আশীর্বাদ করুন !

ওম পিস্।

No comments:

Post a Comment